আজ নীলফামারী বারের নির্বাচন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
জমে উঠেছে নীলফামারী আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে একই পদে দলীয় একাধিক প্রার্থী থাকায় সমর্থকরা প্রার্থী নির্বাচন নিয়ে চরম বিপাকে পড়েছেন। বারের সিনিয়র আইনজীবীরা দলীয় ব্যানারে নয়, যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে দাবি করলেও বারের তরুণ আইনজীবী নুরুজ্জামানসহ অনেকেই মনে করেন, বারের বিগত নেতৃত্বের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের জন্য এবার নির্বাচনে তরুণ প্রার্থীদেরই জয়লাভের সম্ভাবনা বেশি। নির্বাচনে সভাপতি পদে বারের সিনিয়র সদস্য সাবেক সভাপতি আব্দুল ওহাব চৌধুরীর মুখোমুখি হয়েছেন অপর সিনিয়র সদস্য জেলা কৃষকদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহসীন আলী ও তুষার কান্তি রায়। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিনিয়র আইনজীবী আলিমুদ্দিন বসুনিয়ার মুখোমুখি হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মাসুদ আলাল ছাড়াও জেলা যুবদলের আহ্বায়ক তরুণ আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম ও বিএনপি সমর্থক সামছুল আলম। কোষাধ্যক্ষ পদে লড়ছেন বিএনপি’র আশরাফুল লতিফ কিবরিয়া বুলবুল, আব্দুল লতিফ সরকার ও সিপিবি’র তারিনী মোহন অধিকারী।