কক্সবাজার শহরের কলাতলীতে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় এক বুয়েট ছাত্র নিহত এবং অপর ২জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কলাতলী মোড়ে এ ঘটনা ঘটে। সর্বশেষ খবরে জানা গেছে, এ নিহত বুয়েট ছাত্রের নাম আবদুল্লাহ রহিম (২৪)। তিনি মেরিন আর্কিটেক্ট বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র। তার লাশ বুধবার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ২ জন হলেন শহরের কলাতলী আদর্শগ্রামের ফরিদ আলমের ছেলে রবিউল হোসেন (১০) এবং শহরের পেশকারপাড়ার ব্রজেন্দ্র ধরের ছেলে উজ্জ্বল ধর (৩৩)। আহত রবিউল হোসেনের অবস্থা আশংকাজনক। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে আহত উজ্জলধর হাসপাতালে মারাগেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকটি শহরের বাজারঘাটায় আসার পথে কলাতলী মোড়ের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি মাইক্রোবাস ও যাত্রীছাউনীতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বুয়েট ছাত্র নিহত এবং অপর ২ জন আহত হয়। বুয়েট ছাত্র কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
