থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজ আহমেদ ও এসআই মাসুদ পারভেজসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নুরুল ইসলাম নামে এক আইনজীবী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো.হাসানুল ইসলামের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজিরের জন্য সমনজারি এবং বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার বাকি ৫ আসামি হলেন গুলজার হোসেন, বেলাল, বশির, ইউসুফ আলী ও সুজন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মামলা দায়ের করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দাশ ইত্তেফাককে জানান, একটি সন্ত্রাসী বাহিনীর সহায়তায় পাঁচলাইশ থানা পুলিশের একটি দল চট্টগ্রামের একজন সম্মানিত আইনজীবীকে তুলে থানায় নিয়ে নির্যাতন করে ছেড়ে দেয়।পাঁচলাইশ থানায় দায়ের করা একটি মামলায় আসামির রিমান্ডের বিরোধিতা করায় ওই আইনজীবীকে ধরে নিয়ে নির্যাতন করা হয় বলে জানান তিনি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য গত রবিবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার মামলা করা হয়েছে বলে জানান অশোক কুমার দাশ।
প্রসঙ্গত, পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মো.আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার আদালতে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। তবে আসামির আইনজীবী নুরুল ইসলাম ওই আবেদনের বিরোধিতা করেন। রিমান্ড শুনানি শেষে আদালত ভবন সংলগ্ন একটি রেস্টুরেন্টে বসে আহার করার সময় পাঁচলাইশ থানা পুলিশের একটি দল নুরুল ইসলামকে অপহরণ করে থানায় নিয়ে যায়। দিনভর নির্যাতন শেষে রাতে তাকে ছেড়ে দেয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
