শিক্ষা কেউ দিতে পারে না, অর্জন করতে হয়

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ১২৫ বছর পূর্তি উত্সবে প্রধান অতিথির ভাষণে জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ বলেছেন, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, এটা অর্জন করতে হয়। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। সরকার বা সমাজের দায়িত্ব হচ্ছে শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা। একটি দেশের উন্নয়নে যোগাযোগ, বিদ্যুত্, গ্যাসসহ অবকাঠামো উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আর এ জন্য দরকার দেশের প্রতিটি নাগরিককে শিক্ষিত করে তোলা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন, শুধুমাত্র সাজেশন ও নোট তৈরি করে সার্টিফিকেট পাওয়া বা জিপিএ অর্জনই একমাত্র শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। প্রতিটি শিক্ষিত ব্যক্তিকে স্বশিক্ষিত হতে হবে। সস্তা রাজনৈতিক ডামাডোলে বা উচ্ছৃঙ্খল ছাত্র-রাজনীতিতে নিজেদের বিলিয়ে দিলে চলবে না। দেশ মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে। আধুনিকতার চমকে রঙিন ফানুসের পিছনে দৌড়ালে চলবে না। তার পরিবর্তে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে হবে। গত মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বর্ষপূর্তির ফলক উন্মোচনের মাধ্যমে প্রধান অতিথি দু’দিনব্যাপী উত্সবের উদ্বোধন করেন। ১২৫ বছর পূর্তি উত্সব উদযাপন কমিটির আহ্বায়ক মুহম্মদ মুহসীন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, প্রধান অতিথির সফরসঙ্গী ফজলে করীম এমপি, আফজল হোসেন এমপি, শেরপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন ছাত্র ড. গোলাম রহমান রতন, জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক সাঈদা খাতুন, ফখরুল মজিদ খোকন, আমজাদ হোসেন প্রমুখ।