বিশ্বব্যাংকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা!

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
বিশ্বব্যাংকের কর্মকর্তার পরিচয় দিয়ে ঈশ্বরদীর তাহমিদুর রহমান তুষার দীর্ঘদিন যাবত্ প্রতারণা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই সে সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার হয়ে পথে বসেছে এমন ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে তুষারকে । কখনও বিশ্বব্যাংকের এসিসটেন্ট কান্ট্রি ডিরেক্টর, কখনও রেলওয়ে কর্মকর্তা আবার কখনও সাংবাদিক পরিচয়ে চাকরি দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়েছে তুষার। তার কাছে রয়েছে নামি দামি কোম্পানিসহ বিশ্বব্যাংকের নামে ছাপানো ভিজিটিং কার্ড। এসব কার্ডে ঢাকার ফোন ও ফ্যাক্স নম্বর, মোবাইল নম্বর এবং ই-মেইল রয়েছে। পুলিশ জানায়, খোঁজ নিয়ে জানা গেছে এ সবই ভুয়া। বিশ্বব্যাংকের ঢাকা অফিসে যোগাযোগ করা হলে জানা যায়, কার্ডে ব্যবহূত নামের কোন কর্মকর্তা নেই, এমনকি ওই পদ ও বিভাগও নেই। ভুক্তভোগীরা জানান, তুষার ব্যাংকের চেক জালিয়াতির সাথেও জড়িত। বিভিন্ন ব্যক্তির নামে ব্যাংকে ভুয়া একাউন্ট করে অভিনব কায়দায় প্রতারণা করেছে। ওইসব হিসাবের চেক নিজের নামে ইস্যু করে ব্যাংকে জমা দিলে স্বভাবতই টাকা না থাকলে তা প্রত্যাখ্যাত হয়। তখন প্রত্যাখ্যাত চেক নিয়ে ওই নামের ব্যক্তির নামে মামলা করার হুমকি দিয়েও প্রতারণা করতো সে। মাদকাসক্ত তুষার সাংবাদিকসহ বিভিন্ন পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদেরও তার জালে ফাঁসিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।