টাঙ্গাইলে ছাত্রলীগের ডাকে গতকাল বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। শহরে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। যানবাহন চলাচল করেনি। সকালে গোডাউন বাজার এলাকায় একটি মোটর সাইকেল ও একটি ইজিবাইক ভাংচুর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল বের করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অভ্যন্তরীণ সড়কে কোন বাস চলাচল না করলেও টাঙ্গাইলের ওপর দিয়ে উত্তরবঙ্গর বাস চলাচল ছিল অনেকটা স্বাভাবিক।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের বাপন ব্যবসায়ীদের লাঠির আঘাতে আহত হয়ে আটদিন পর মঙ্গলবার বিকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এর প্রতিবাদে মঙ্গলবার ছাত্রলীগ শহরে বিক্ষোভ-সমাবেশ করে এবং বুধবার জেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়। নিহত বাপন শহরের পূর্ব আদালতপাড়ার কেরামত আলীর ছেলে। গতকাল বাদ আছর শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
