বক্তব্য প্রত্যাহারে ফের উকিল নোটিস

প্রধানমন্ত্রীকে আরো ১৫ দিন সময় দিলেন তারেক জিয়া

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৬
অর্থ পাচার নিয়ে ‘অসত্য’ বক্তব্য প্রতাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে আবারো উকিল নোটিস পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। বিদেশে অবস্থানরত তারেক গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রীকে প্রথম উকিল নোটিস পাঠান। নোটিসে ৩০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানানো হয়। কিন্তু এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করায় ওই সময়সীমা আরো ১৫ দিন বাড়িয়ে প্রধানমন্ত্রীকে পুনরায় উকিল নোটিস পাঠিয়েছেন তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি। গতকাল বুধবার ডাকযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নোটিস পাঠানো হয়। গত পহেলা ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য উদ্ধৃত করে নোটিসে বলা হয়, ‘খালেদা জিয়া, তার ছেলেরা নাকি সত্ জীবনযাপন করে বলে দাবি করেছেন। যেদিন তিনি এ কথা বললেন সেদিনই তার ছেলেদের মানিলন্ডারিংয়ের টাকা দেশে ফেরত এসেছে। আর এই মামলা আওয়ামী লীগ সরকার করেনি। মামলা হয়েছে মার্কিন আদালতে। এই এলাকার অনেকেই প্রবাসে থাকেন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন তার ছেলে কিরকম বিলাসবহুল জীবনযাপন করছে। কোথা থেকে এ টাকা আসে? দুর্নীতি ছাড়া এত টাকা কোথা থেকে আসবে? তার ছেলেরা বিদেশে রেস্টুরেন্ট করেছে। ভাঙ্গা সুটকেস থেকে কি এসব টাকা বের হচ্ছে? বিএনপি ক্ষমতায় থাকাকালে মানিলন্ডারিং করে এসব টাকা পাচার করে এখন লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন তারেক’। ২ জানুয়ারির নোটিসে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়েছে, ‘আপনার এই বক্তব্য তারেক রহমানের সুনাম ক্ষুণ্ন করেছে। তাকে ব্যঙ্গ-বিদ্রূপ, সমালোচনা আর ঘৃণার মুখে পড়তে হয়েছে। এ ধরনের অবমাননাকর মন্তব্যের সপক্ষে আইনগত কোনো ব্যাখ্যা বা বৈধতা নেই। এটা স্পষ্ট যে, বিদ্বেষবশত আমার মক্কেলের রাজনৈতিক ও ব্যবসায়িক সুনামের ক্ষতি সাধন করতে আপনি (প্রধানমন্ত্রী) এই অসত্য বক্তব্যে প্রবৃত্ত হয়েছেন। তাই এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহবান জানানো হলো’।