বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের ৯৩ নেতাকর্মী আটক

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৭
দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে জামায়াত -শিবিরের ৯৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। খবর আমাদের অফিস স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের। দিনাজপুর: গত মঙ্গলবার রাতে ও বুধবার দিনাজপুর শহর ও জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবির সন্দেহে ১৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে বীরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি খোদা বক্স, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আমাজ্জল হোসেন ও কাহারোল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সোলায়মান আলী। আটককৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল:টাঙ্গাইলে জামায়াত ও শিবিরের সঙ্গে জড়িত অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়। নোয়াখালী:নোয়াখালীর ৮টি থানা এলাকা থেকে গত দুই দিনে জামায়াত-শিবিরের ২৩ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সোমবার রাতে ১৬ জন ও মঙ্গলবার রাতে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিভিন্ন মামলার আসামি দেখিয়ে পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। চাঁপাইনবাবগঞ্জ: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন আশংকায় শিবগঞ্জ উপজেলায় ২ জন, গোমস্তাপুর উপজেলায় ২ জন, নাচোল উপজেলায় ১ জন ও ভোলাহাট উপজেলায় ২ জনকে মঙ্গলবার রাতে আটক করা হয়। এরা সবাই জামায়াত কর্মী বলে পুলিশ জানিয়েছে। গাইবান্ধা: দিগন্ত টেলিভিশন-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি সৈয়দ রোকনুজ্জামানকে বুধবার শহরের স্টেশন রোডের দাস বেকারি মোড় থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, গাইবান্ধা জেলা জামায়াতের আমির ডা. আব্দুর রহিমের মেয়ের জামাই সৈয়দ রোকনুজ্জামান। শ্বশুরের অনুপস্থিতিতে জেলা জামায়াতের সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। কুমিল্লা: কুমিল্লায় জামায়াত-শিবিরের আরো ৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে জেলার সদর দক্ষিণ থানায় ১ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, লাকসামে ১ জন, বরুড়ায় ১ জন ও নাঙ্গলকোটে ২ জনকে আটক করা হয়। বুধবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। সালথা (ফরিদপুর): ফরিদপুরের সালথা উপজেলায় ৩ জন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সালথা থানা জামায়াতে ইসলামীর রোকন অধ্যাপক মোঃ মিজানুর রহমান, জামায়াত নেতা মোঃ সিদ্দীকুর রহমান ও আশরাফ আলীকে গ্রেফতার করে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়। মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক মামুন সিদ্দিকীকে বুধবার রাতে আটকের খবর পাওয়া গেছে। সোনারগাঁও : সোনারগাঁও পৌরসভা ওলামা দলের সভাপতি মাওলানা মো: আল-আমিন ও ২ জামায়াত কর্মীকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জামায়াতের দুই কর্মী হলেন মোক্তার হোসেন ও হুসাইন। তাদের বুধবার থানা থেকে জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নাঙ্গলকোট (কুমিল্লা) : নাঙ্গলকোট পুলিশ গত মঙ্গলবার রাতে দুই শিবির কর্মীকে গ্রেফতার করেছে। তারা হলেন মক্রবপুর ইউপি শিবির সভাপতি নুরুল আলম ও জোড্ডা ইউপি শিবির কর্মী আলমগীর। ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুর ঘোড়াঘাট থানা পুলিশ উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ আমাজ্জল হোসেনকে মঙ্গলবার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ঘাটাইল (টাঙ্গাইল) : বুধবার সকালে ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। আটককৃতরা হলেন আল আমীন, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান ও ইস্রাফিল। অভয়নগর (যশোর) : জামায়াতে ইসলামীর অভয়নগর থানা শাখার আমির মাওলানা আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পায়রা ফাজিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। রংপুর : রংপুরের পরিস্থিতি অস্থিতিশীল ও নাশকতার প্রস্তুতিকালে মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর ৩ ক্যাডারকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এরা হলেন আব্দুল মান্নান, আব্দুল লতিফ ও রেজা। সিলেট : বুধবার ভোরে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রাবাস থেকে শিবিরের কলেজ শাখার সম্পাদক হাফিজুল ইসলাম তারেকসহ ৯ জন এবং জেলার মোগলাবাজার ও ওসমানীনগর থেকে আটক করা হয়েছে আরো দুইজনকে। এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সতর্ক অবস্থানের মাঝেও বুধবার সিলেটের রাজপথে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।