প্রধানমন্ত্রীর সঙ্গে রংপুরের মেয়র ঝণ্টুর সাক্ষাত্

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৮
রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রায় এক ঘণ্টার সাক্ষাতে রংপুরের উন্নয়নে অবদান রাখায় রংপুরবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী মেয়র ঝন্টুকে দায়িত্ব নেয়ার পর তার মাধ্যমে রংপুরে আরো উন্নয়নের আশ্বাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাত্কালে ঝন্টু প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে তিনি ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ ব্যাপারে নবনির্বাচিত মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হূদ্যতাপূর্ণ পরিবেশে রংপুরের সার্বিক উন্নয়ন নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আরো উন্নয়নের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ৫ ফেব্রুয়ারি মেয়র হিসেবে তিনি আমাকে শপথ বাক্য পাঠ করাবেন।