বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ১০ ফেব্রুয়ারি ঢাবিতে ছাত্র ধর্মঘট

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৯
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রজোটের নেতারা। একই দাবিতে এর আগে ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারাভিযান ও ছাত্রসংযোগ, ৬ ফেব্রুয়ারি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়, ৭ ফেব্রুয়ারি সায়েন্স এনেক্সে প্রচার মিছিল, ৯ ফেব্রুয়ারি কলা ও বাণিজ্য অনুষদে প্রচার মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিল। সাংবাদিক সম্মেলনে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় পিন্টু, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক আমির খসরু ইমন, বিপ্লবী ছাত্র মৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফাহিম উদয় প্রমুখ উপস্থিত ছিলেন।