হরতালের সমর্থনে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩০
জামায়াত ইসলামীর ডাকা হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি যাত্রীবাহী বাস জ্বালিয়ে দিয়েছে হরতাল সমর্থনকারীরা। অন্যদিকে, নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কে বা কারা পরপর ৪ টি বোমা ছুঁড়ে মারে। এতে দুইটি বোমা বিস্ফোরিত হলেও অন্য ২ টি বোমা বিস্ফোরিত হয়নি। কমলাপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর সামনে অতীশ দীপঙ্কর সড়ক থেকে ২ টি বোমা উদ্ধার করেছে। হরতালের সমর্থনে বুধবার বিকালে শিবির কর্মীরা পান্থপথে এক ঝটিকা মিছিল বের করে। এর আগে মঙ্গলবার রাতে বংশালে একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরিত হয়ে রুবেল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার মোড়ে মতিঝিল-বনানী রুটের একটি বাস হরতাল সমর্থনকারীরা আটক করে। তারা দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চারদিক আতংক সৃষ্টি করে। বাস থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর তারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন জানান, দুপুর ২ টার দিকে কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর সামনে ১০/১৫ জন শিবির কর্মী রাস্তায় লাঠিসোটা নিয়ে প্রাইভেট কার ভাংচুর করে। হামলাকারীরা অন্তত ১০/১৫টি গাড়ি ভাংচুর করে। এ সময় কে বা কারা কয়েকটি বোমা ছুঁড়ে মারে। পরে পুলিশ গিয়ে অবিস্ফোরিত অবস্থায় ২ টি ককটেল উদ্ধার করে। বিকাল ৫ টার দিকে বিজয়নগর মোড় থেকে হরতাল সমর্থনে শিবির একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ঐ সময় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কে বা কারা ৪ টি ককটেল ছুঁড়ে মারে। এতে ২ টি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ অবিস্ফোরিত অবস্থায় ২ টি ককটেল উদ্ধার করে। পুলিশ এসময় ককটেল বিস্ফোরণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে। এদিকে, বিকাল ৪ টার দিকে শিবির কর্মীরা হরতাল সমর্থনে পান্থপথের মোড়ে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি বের করার ৫ মিনিটের মধ্যে পুলিশের ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বংশালের হাজী আব্দুল্লাহ সরদার লেনের ৬৮/১ ভবনের ৬ষ্ঠ তলায় ককটেল বিস্ফোরণে রুবেল (৩২) নামে এক যুবক গুরুতর আহত হন। তার দুই হাত ঝলসে গেছে। বংশাল থানার ইন্সপেক্টর হাসান জানান, ধারণা করা হচ্ছে ককটেল তৈরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাকে পুলিশি নিরাপত্তায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।