যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তিনি নারীদের অধিকার নিয়ে কাজ করতে এবং লেখালেখি করতে আগ্রহী। তিনি তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের গড়া ফাউন্ডেশনে কাজ করবেন বলে জানিয়েছেন। -খবর সিএনএনের।
হিলারি ক্লিনটন মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা আমার নেই। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব জন কেরির কাছে হস্তান্তরে প্রস্তুতি নিচ্ছেন উল্লেখ করে হিলারি বলেন, আমি এখন রাজনীতির বাইরে। দেশটির অন্যতম জনপ্রিয় পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, দায়িত্ব ছাড়ার পর তিনি নারী এবং মেয়েদের অধিকারের বিষয়ে লেখালেখি করায় মনোযোগ দেবেন। স্বামী বিল ক্লিনটনের গত দশ বছরে বিশ্বব্যাপী কাজের প্রশংসা করে তিনি বলেন, এখন আমরা একত্রে কাজ করার চেষ্টা করবো। তিনি জানান, স্যান্ডি ঘূর্ণিঝড়ের পর আমাদের মেয়ে চেলসিও সেবামূলক কাজ করছে। আমাদের মধ্যে জনগণের জন্য কাজ করার মানসিকতা রয়েছে।
হিলারি ক্লিনটন গত চার বছরে তার কাজ সম্পর্কে বলেন, এজন্য আমাদের ২০০৯ সালে ফিরে যেতে হবে। ওই সময়ে দেশে-বিদেশে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সেটি বিবেচনায় নিতে হবে। বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পেরেছেন উল্লেখ করে হিলারি বলেন, বিশ্বের অর্থনৈতিক মন্দা এবং ইরাক ও আফগান যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। তিনি আরব বসন্ত, ইরান, উত্তর কোরিয়া, মিয়ানমার, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেন।
