ঢাকা-চট্টগ্রামে আধাবেলা

সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল আজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩২
জামায়াত আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম মহানগীর ব্যতীত সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তবে রাজধানী ঢাকায় এবং চট্টগ্রাম মহানগরীতে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাদের বার্ষিক ভোজের কারণে হরতাল প্রত্যাহারের আহবান জানায়। এ আহবানের পরিপ্রেক্ষিতে জামায়াত ঢাকার হরতালের সময়সূচি পুনঃনির্ধারণ করে। এছাড়া চট্টগ্রামে বেলা ২টা থেকে বিপিএলের খেলা শুরুর কারণে সেখানেও হরতাল শিথিল করে অর্ধদিবস করা হয়েছে। বিক্ষোভ সমাবেশ করার অনুমতি না দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, যুদ্ধাপরাধের মামলায় আটক নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে এটি এককভাবে জামায়াতের দ্বিতীয় হরতাল। এর আগে গত ৪ ডিসেম্বর অর্ধদিবস হরতাল ডেকেছিল জামায়াত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, জনদুর্ভোগ লাঘব ও দলের আটক নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে গতকাল বুধবার বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। গত রবিবার তারা এ কর্মসূচি ঘোষণা করে। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদনও করেছিল। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত ওই সমাবেশ আয়োজনের কোন লিখিত বা মৌখিক অনুমতি না পাওয়ায় দলটির হাইকমান্ড হরতালের সিদ্ধান্ত নেয়। তবে গ্যাস, বিদ্যুত্, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, ফায়ার ব্রিগেড, কর্তব্যরত সাংবাদিক, সংবাদপত্র, সংবাদ সংস্থা ও মিডিয়ার গাড়ি হরতাল কর্মসূচির বাইরে থাকবে। বিবৃতিতে বলা হয়, সভা-সমাবেশ ও মিছিল করার গণতান্ত্রিক মৌলিক অধিকার দেশের সব নাগরিকেরই রয়েছে। অথচ সরকার সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিকভাবে সংবিধান লংঘন করে রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দিয়ে নেতা-কর্মীদের উপর চরম জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের এ জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের কোন বিকল্প নেই। সরকার বিচারের নামে প্রহসন করে শীর্ষ নেতাকে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। আজ হরতাল সফল করার জন্য রফিকুল ইসলাম সব শাখার প্রতি আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আহবান ঢাকায় হরতাল প্রত্যাহারের জন্য জামায়াতে ইসলামীর প্রতি আহবান জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার সমিতির বার্ষিক ভোজ থাকায় ঢাকাকে হরতালের আওতামুক্ত রাখার আহ্বান জানানো হয়। গতকাল দুপুরে সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান সমিতির সভাপতি ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট জয়নুল আবেদীন। এসময় সমিতির সম্পাদক এডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, সহ-সভাপতি কেএম সাইফুদ্দিন ও মো. মোস্তফা, অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ মুনীর শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। জয়নুল আবেদীন বলেন, ৩১ জানুয়ারি আমাদের বার্ষিক ভোজের নির্ধারিত সময় ছিল। ইতিমধ্যে আমাদের সব আয়োজন সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে শুধু আইনজীবীরা নয়, দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ বর্তমান বিচারপতিরা উপস্থিত থাকবেন। তাই এ অনুষ্ঠান পরিবর্তন করাও সম্ভব নয়। এজন্য অন্তত ঢাকায় জামায়াতে ইসলামীকে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি। সমিতির এ আহবানের পরই জামায়াত রাজধানীতে অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়। বিএনপির সমর্থন এদিকে ১৮ দলীয় জোটের শরিক জামায়াতের ডাকা আজ বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। গতকাল রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের হরতালে তার দলের সমর্থনের কথা সাংবাদিকদের জানান।