প্রয়োজনীয় অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন না করা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার স্মার্ট ফ্যাশন নামের গার্মেন্টস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গার্মেন্টস বন্ধকালীন সময় শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে প্রদান করতে গার্মেন্টস কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া স্মার্ট গার্মেন্টসে আগুন লাগার ঘটনায় দায়ের করা মামলায় যে সকল আসামি এখনও গ্রেফতার হয়নি তাদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়।
ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তাজরীন ও স্মার্ট ফ্যাশন নামক দুটি গার্মেন্টসের মালিকদের গ্রেফতারের নির্দেশনা চেয়ে মঙ্গলবার হাইকোর্টে আবেদন করেন শিক্ষানবীশ আইনজীবী সিরাজুল ইসলাম। ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় এ আবেদন করা হয়। আবেদনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। গতকাল আবেদনের ওপর শুনানিকালে হাইকোর্ট তাজরীন গার্মেন্টসের নাম বাদ দিয়ে আবেদনটি সংশোধন করে দিতে বলে। এরপর আবেদনকারীর আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ আবেদন থেকে তাজরীন গার্মেন্টস সম্পর্কিত অংশ বাদ দিয়ে নতুন করে আবেদন দাখিল করেন। এরপর শুনানি হয়। আবেদনের পক্ষে ইউনুস আলী আকন্দ এবং সরকার পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন। পরে আদালত উপরোক্ত আদেশ দেয়।
