ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
বড় ছেলে এটিএম কামালুজ্জামান কবিরের হত্যাকারী ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক এটিএম শামসুজ্জামান। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে গতকাল বুধবার তিনি জবানবন্দি দেন। এটিএম শামসুজ্জামানের পুরান ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্রনাথ ঘোষ লেনের বাসায় গত বছরের ১৩ মার্চ খুন হন বড় ছেলে এটিএম কামালুজ্জামান কবির। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই ছেলে কুশলের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। জবানবন্দিতে এটিএম শামসুজ্জামান বলেন, এরকম ঘটনা আমার পারিবারিক ইতিহাসে দুঃখজনক ঘটনা। ঘটনার দিন আমি বাসায় ছিলাম। দুপুরের দিকে হঠাত্ গেটে শব্দ পেয়ে খুলে দেখেন তালা-চাবিওয়ালা গেটের তালা ভাঙ্গছে। জিজ্ঞাসা করলে তালা চাবিওয়ালা তাকে জানান, কবির সাহেব তাকে পাঠিয়েছেন। পরে গেটের কাছে কবিরকে দেখতে পেয়ে তাকে বলেন, জোরে নক করলেই তো আমি গেট খুলে দিতাম। তোমার তালা-চাবিওয়ালাকে ডাকার দরকার ছিল না। তিনি আরও বলেন, এ নিয়ে ছেলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে অশ্লীলভাবে গালিগালাজও করে। তিনি ছেলেকে থাপ্পড় মারেন। এ সময় ঘুমিয়ে থাকা ছোট ছেলে কুশল তার ঘর থেকে বেরিয়ে এসে কবিরকে বলে, ‘আব্বার গায়ে হাত তুললি কেন?’ দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে আমি কবিরকে রক্তাক্ত অবস্থায় বিছানায় দেখি। এ অবস্থায় তখন তার বোধশক্তি ছিল না বলে তিনি জানান। জবানবন্দি শেষে কাঠগড়ায় দাঁড়ানো ছোট ছেলে কুশলকে তিনি আসামি হিসাবে শনাক্তও করেন।