শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৪০

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও সেপটোস ফোরের প্রধান উপদেষ্টা মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ও উপজেলা নির্বাচনে আমার সমর্থকদের বিপুল ভোটে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন উপজেলার জনগণ  বিজয়ী করেছেন আমি তাদের কাছে চির ঋণী। আগামী পাঁচ বছরে তিনটি উপজেলাকে  মডেল উপজেলায় গড়ে তুলব। তিনি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, এ সরকারের উন্নয়ন দেখে জনগণ ২০১৮ সালের নির্বাচনে পুনরায় বিপুল ভোটে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করেছে। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদরপুর প্রেস ক্লাবের সামনে সদরপুর সেপটোস ফোরের আয়োজনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও বৈশাখী উত্সব অনুষ্ঠানে হাওলাদার শামীম আহমেদের সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেপটোস ফোরের সাধারণ সম্পাদক তানভীর তুহিন। সভায় নব-নির্বাচিত প্রতিনিধিদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার শীল, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুত্ফর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ। এর পূর্বে সংসদ সদস্য আকটের চর ইউনিয়নের হাজী খোরশেদ ব্যাপারীর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭৭ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।