ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৪০

গোপালগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বুধবার শিক্ষক মিরাজ হোসেন মোল্লাকে আটক করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পুলিশ করপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ওই শিক্ষককে আটক করে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ম্যানেজিং কমিটির কাছে তদন্ত কমিটি বুধবার প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের সুপারিশ ও অন্যান্য দিক বিবেচনা করে শিক্ষক মিরাজ হোসেন মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলের সহকারী শিক্ষক মিরাজ হোসেন মোল্লাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।