শিশুদের গণতন্ত্র চর্চা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:০০
গত বুধবার সাতকানিয়া উপজেলার ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা শিক্ষা দেয়ার লক্ষ্যে সরকার বিগত ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করার প্রথা চালু করে। প্রথমদিকে দেশের ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ কাউন্সিল গঠিত হয়। পরবর্তীতে ৭৪১টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। বর্তমানে সারাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলার ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের জন্য গত ২০ জানুয়ারি তফসিল ঘোষণা ও মনোনয়ন ফরম দেয়া হয়। ২৩ জানুয়ারি মনোনয়ন বাছাই করার পর বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ সদস্য বিশিষ্ট এ কাউন্সিল নির্বাচনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি হতে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সরেজমিনে ধর্মপুর আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনের ন্যায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিদ্যালয়ে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে হাতে লেখা পোস্টার। সকাল হতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীরা বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এ বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১৬৩ বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি লতা বড়ুয়া। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। স্টুডেন্টস কাউন্সিলের নির্বাচনে প্রথম হয় চতুর্থ শ্রেণির কিমিয়া সাদাত সাদী, সে মোট ১৩৮ ভোট পায়। চতুর্থ শ্রেণির ইসরাত জাহান পায়েল ১২৩ ভোট পেয়ে দ্বিতীয় ও মাহজুবা তিজান ১০৫ ভোট পেয়ে তৃতীয়, তৃতীয় শ্রেণির মিফতাহুল জান্নাত ইনান ৯৪ ভোট পেয়ে চতুর্থ, পঞ্চম শ্রেণির আকলিমা সোলতানা ৮৩ ভোট পেয়ে পঞ্চম, পঞ্চম শ্রেণির মেহেদী মুসা লামিম ৭৭ ভোট পেয়ে ষষ্ঠ ও তৃতীয় শ্রেণির সালমান মাহমুদ শেফা ৫৭ ভোট পেয়ে সপ্তম হয়। এক বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট স্টুডেন্টস কাউন্সিল এক বছরের জন্য তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।