কিশোরগঞ্জে গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত ও ’৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তনসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতি আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য প্রদান করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক পিপি, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সৈয়দ শাজাহান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হক খান রতন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান আকন্দ, পরিষদের জেলা শাখার সভানেত্রী সুলতানা রাজিয়া প্রমুখ।
বাঞ্ছারামপুর কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন
বাঞ্ছারামপুর ডিগ্রি মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সমাপ্ত হয়েছে । নির্বাচিত হলেন—প্রফেসার চানমিয়া সরকার, প্রফেসার ইনতিয়াজ হোসেন, মোঃ কাউসার আহম্মেদ । ২০১৩-২০১৪ সালের জন্য এ কমিটি নির্বাচিত হয়েছে ।
নীলফামারীর ৬ প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু
সৈয়দপুর সংবাদদাতা \ নীলফামারী জেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে ওইসব বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস। ষষ্ঠ শ্রেণি খোলা বিদ্যালয়গুলো হলো নীলফামারী সদরে গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুরের খোর্দ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ উপজেলার মাগুরা শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জলঢাকা ছিট মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিমলার পশ্চিম ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং ডোমার উপজেলার বেতগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নেত্রকোনায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সংবাদ সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় গত এক সপ্তাহে দুইটি ধর্ষণসহ ৫টি ধর্ষণের অপচেষ্টার ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, নেত্রকোনা পৌরসভা, সাংবাদিক সমিতি এবং সিপিবির উদ্যোগে এক প্রতিবাদ সভা এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ারা বেগমের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত রায়, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুর রাজ্জাক, সিপিবি’র সম্পাদক খন্দকার আনিসুর রহমান, প্রতিরোধ কমিটির সাবেক সম্পাদক কোহিনূর বেগম।
গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এম.পি।
বটিয়াঘাটায় নদীরক্ষা কমিটির মতবিনিময়
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার আমতলা নদীরক্ষা কমিটি ও লোকজের আয়োজনে সিএসআরএল-এর সহযোগিতায় মতবিনিময় সভা বুধবার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমরেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নিরঞ্জন কুমার শিকদার।
সরাইলে আগুনে ৬ টি ঘর পুড়ে ছাই
সরাইল (ব্রা??হ্মণবাড়িয়া) সংবাদদাতা \ সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে ৬টি ঘর ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হচ্ছে জাহের আলী (৫০) ও তার ছোট ভাই জমির আলী (৪০), প্রতিবেশী তাহের আলী (৬০) তার ছোট ভাই শুক্কুর আলী (৩৫), তাজউদ্দিন (৫০) ও এলাল মিয়া (৫০)। বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.শাহজাহান মিয়া এবং ইউএনও মোহাম্মদ আনিসুজ্জামান খান ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেছেন। এসময় তাদেরকে ১০টি কম্বল প্রদান করা হয়েছে।
নেত্রকোনায় বাল্যবিবাহ বন্ধ বিষয়ক গণনাটক
নেত্রকোনা প্রতিনিধি \ বাল্যবিবাহ বন্ধ, পরিবারে নারীর কর্মভার লাঘবকরণে পরিবারের নারীর পাশাপাশি পুরুষের সক্রিয় অংশগ্রহণ বিষয়ক গণনাটক ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়। গত বুধবার বিকালে নেত্রকোনা সদর উপজেলার মইনপুর সড়ক মোড়ে নারী প্রগতি সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি কাজী রবিউল আলমের সভাপতিত্বে বিষয়ভিত্তিক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের স্থানীয় ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু।
বেলকুচিতে মহিলা আওয়ামী লীগের সম্মেলন
বেলকুচি (সিরাজগঞ্জ) থেকে সংবাদদাতা \ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সালমা রহমান সভাপতি এবং রেহানা খানম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি রাজাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি।
মনোহরগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা \ বুধবার মনোহরগঞ্জে বিপুলাসার আহমদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ে এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন, ডাঃ এম.এ সোবহান, রুহুল আমীন, রেজাউল হক ভূঁইয়া প্রমুখ।
মেহেরপুরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিসংযোগ
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা শহরের কাশাড়ি পাড়ায় অবস্থিত টারবো কম্পিউটার এডুকেশনে বুধবার দুর্বৃত্তরা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। অগ্নিসংযোগে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হযেছে। প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম রাসেল জানান, শহরের চিহ্নিত কয়েকজন যুবক এসে প্রথমে তাদের মারধর এবং ভাংচুর শুরু করে। পরে তারা অগ্নিসংযোগ করে ২০টি কম্পিউটার ও আসবাবপত্র পুড়িয়ে দেয়।
আমতলীতে আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ দীর্ঘ দশ বছর পর মঙ্গলবার পৌরসভা কার্যালয়ের হলরুমে আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে জিএম দেলোয়ার হোসেনকে সভাপতি ও শামসুদ্দিন আহম্মেদ ছজুকে সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
পীরগঞ্জে সিপিবি’র প্রতিবাদ বিক্ষোভ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ডিজেল পেট্রোল, কেরোসিন, অকটেন ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি পীরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করে। সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ইসমাইল হোসেন উপজেলা সভাপতি কমরেড মুনসুরুল আলম, সাধারণ সম্পাদক আবু সায়েম প্রমুখ বক্তৃতা করেন।
মেইল বাস চালুর দাবিতে মানববন্ধন
নাগেশ্বরী সংবাদদাতা \ নাগেশ্বরীতে ৩১ জানুয়ারি বণিক সমিতির উদ্যোগে ভূরুঙ্গামারী-রংপুর সরাসরি মেইল বাস চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি নুরনবী দুলাল, সা. সম্পাদক আনিছুর রহমান জিন্নু, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সরকার, বিএনপি সভাপতি গোলাম রসুল রাজা, জাপা সা. সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মনজু প্রমুখ।
রূপগঞ্জে মার্কেটের ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাজী শপিং কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। মো. হানিফ মোল্লাকে সভাপতি ও গোলজার হোসেন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষণা করেন মাকের্ট মালিক আলহাজ্ব সামছুল হক মিয়া। কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি খন্দকার মো. সোলায়মান, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক নুরে আলম ভুঁইয়া রবিন, দপ্তর সম্পাদক আকতার হোসেন ও প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন খান।
বরগুনায় সংসদ সদস্যের গণসংবর্ধনা
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনায় গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বরগুনা সাহাপট্টির সিদ্দিক স্মৃতিমঞ্চে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর।
মাগুরার মহম্মদপুরে দুই বখাটে আটক
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মঙ্গলবার বিকেলে মাগুরার মহম্মদপুর থানা-পুলিশ উপজেলার কানাইনগর গ্রাম থেকে দু’ বখাটে আটক করেছে। মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি) সগির মিয়া জানান, উপজেলার কানাইনগর গ্রামের মফিজুর রহমানের পুত্র শাকিবুল ওরফে ডাবলু (২২) ও দবির শেখের পুত্র সোনা মিয়া (২০) নামে দু’ বখাটে একই গ্রামের অনার্স পড়ুয়া এক কলেজছাত্রীকে বেশকিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
নাসিরনগরে আশার কর্মশালা
নাসিরনগর সংবাদদাতা \ উপজেলায় শিক্ষা কার্যক্রম থেকে ১ম ও ২য় শ্রেণী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠ আয়ত্ত করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকাদের কর্মশালা ও বীমার দাবি প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আশার ডিস্ট্রিক ম্যানেজার মো:সাজেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া।
মেহেরপুরে রাইপুর গ্রামে অগ্নিকাণ্ড
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে বৃহস্পতিবার এক অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। জানা গেছে, ঘটনার দিন সদর উপজেলার আমদহ ইউনিয়নের রাইপুর গ্রামের সাবেক ইউপি সদস্য খালেকুজ্জামান মজনুর বিচালির গাদা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
বাউফলে কৃষি যন্ত্রপাতি বিতরণ
বাউফল সংবাদদাতা \ বৃহস্পতিবার এখানে এনজিও স্পিড ট্রাস্টের মাধ্যমে বাউফলের ৪টি চরে ভূমিহীন কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। যন্ত্রপাতির মধ্যে রয়েছে সেচপাম্প, পাওয়ার টিলার সেপ্র মেশিন। অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউফল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামছু আলম মিয়া, স্পিড ট্রাস্টের টিম ম্যানেজার হেমায়েত উদ্দিন মিয়া, সাবেক প্রধান শিক্ষক এওয়াইএম কামারুজ্জামান ও চরের কিষাণী আফরোজা বেগম প্রমুখ ।
নড়িয়ায় একীভূত শিক্ষা বিষয়ক কর্মশালা
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলায় নুসা’র প্রধান কার্যালয়ে বৃহসপতিবার সকাল ১০টায় (পিআরপিডি) এর উদ্যোগে একীভূত শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। জয়দেব চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা, বিশেষ অতিথি অধ্যক্ষ শাহজাহান হাওলাদার ও অধ্যাপক শাহ আলম খান। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নরেন্দ্র নাথ মৈত্র, সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান প্রমুখ।
ডোমারে গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি শুরু
ডোমার (নীলফামারী )সংবাদদাতা \ ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় ফার্মের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে শুরু হয়েছে ‘আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’ শীষর্ক প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি । এতে অংশ নিচ্ছে উত্তরবঙ্গের ৭টি জেলার ২৫ জন বেকার যুবক-যুবতী। যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ও ডোমার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ শিবির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান।
কাজীপুরে অসময়ে যমুনার ভাঙ্গন
কাজীপুর(সিরাজগঞ্জ) সংবাদদাতা \ কাজীপুর উপজেলার যমুনা নদীর অসময়ের ভাঙ্গনে গত ১৫ দিনে সীমলা ও চাননগর গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙ্গনে বাহুকা গ্রামের কাছে বাঘমোড় পয়েন্টে বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৫০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে।
মাগুরায় বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল
শ্রীপুর(মাগুরা)সংবাদদাতা \ মাগুরা জেলা শ্রমিকদলের সাবেক সহ-সভাপতি প্রয়াত দেলোয়ার হোসেন মঞ্জুর স্মরণে বৃহস্পতিবার জেলা বিএনপির সেগুনবাগিস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি ইমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহম্মদ আলী, জেলা মহিলা দলের আহবায়ক ফারহানা বিউটি, যুবদল নেতা এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, সদর উপজেলা যুবদলের সভাপতি ফরিদ আহমেদ প্রমুখ। পরে দেলোয়ার হোসেনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মনোহরগঞ্জে পরীক্ষা পর্যবেক্ষকদের কর্মশালা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ আগামী ৩ ফেব্রুয়ারি সুন্দর, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ে কেন্দ্র পর্যবেক্ষকদের নিয়ে এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার মনোহরগঞ্জ সু্কল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
নাগরপুরে আওয়ামী লীগের কাউন্সিল
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বুধবার ধুবড়িয়া তে-রাস্তার ভূমি অফিস মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ মোকছেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা। সভাপতি মোকছেদুর রহমান সাধারণ সম্পাদক শিহাব হোসেন কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন।
ঝিনাইদহ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ বুধবার ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চৌদ্দগ্রামে ছিনতাইকারী আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ চৌদ্দগ্রামে বুধবার এক মহিলার ৫০ হাজার টাকা ছিনতাইকালে আনোয়ার উল্যাহ(৪২) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সে লাকসামের বামন্ডা গ্রামের ওমর আলীর ছেলে।
