বঙ্গোপসাগরে মিয়ানমারের জেলে ছদ্মবেশী রোহিঙ্গা দুর্বৃত্তদের হাতে নিহত বাংলাদেশী ১১ জেলের স্বজনরা ঘাতকদের গ্রেফতার ও বিচারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন পালন করেছে। বুধবার সকাল ১০টায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় ও সুশীলনের উদ্যোগে শহরের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিহত জেলে রাজা ও সুমনের পিতা হতবাগ জালাল। নিহত জেলে আব্বাসের বিধবা স্ত্রী আসমা ও নিহত জেলে সিদ্দিকের ভাই জয়নাল প্রমুখ। গত ৩ ডিসেম্বর বঙ্গোপসাগরে সোনার চর এলাকায় সতীর্থ ১১ জেলেকে কৌশলে হত্যা করে এফবি ইসরাত ট্রলার নিয়ে পালাতে গিয়ে উখিয়া থানা পুলিশের হাতে ধরা পড়ে। দীর্ঘদিন বাংলাদেশে বসবাসকারী মিয়ানমারের নাগরিক ঘাতক হামিদুল হক। পরে পুলিশের হাতে গ্রেফতার হয় ঘাতক আলী চাঁন ও সাব্বির আহমদ। বশির ও শাহিন এখনো পলাতক রয়েছে। পাথরঘাটা থানায় এফবি ইসরাতের পরিচালক জিয়াউল হক সেন্টু একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত ১১ জেলের মধ্যে পাথরঘাটার ৯ জন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আলীপুরের একজন ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ জন।
