৩০ মহিলা এমপি বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি প্রথম বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সংরক্ষিত মহিলা আসনের এমপিরা পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় এমপি সুবর্ণা মোস্তফা, পারভীন হক সিকদার, নার্গিস রহমান, এ্যারোমা দত্ত, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা প্রমুখ উপস্থিত ছিলেন।
