নেত্রকোনার-১ আসনের সাবেক এমপি মোঃ জালালউদ্দিন তালুকদারের হত্যাকারীদের বিচার এবং তার পুত্র শাহ্ কুতুবউদ্দিন তালুকদার রয়েলসহ অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুর্গাপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা রয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থানায় গ্রহণ করায় নেত্রকোনার পুলিশ সুপার মো. জাকির হোসেন এবং দুর্গাপুর থানার ওসি মো. আলমগীর হোসাইনের প্রত্যাহারের দাবি করেছেন। সাবেক এমপি জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ আয়োজিত শহীদ সন্তোষ পার্কে আওয়ামী লীগ নেতা ডা. আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালাল হত্যার প্রতিবাদ পরিষদের আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মো. শাহ্ আলম, মো. মাজহারুল প্রমুখ। বক্তারা সাবেক এমপির হত্যাকারীদের বিচার, রয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নেত্রকোনার এসপি ও ওসি প্রত্যাহারের সরকারের প্রতি জোর দাবি জানান।
