জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বিদায়ী এক ছাত্রকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর মারধর করেছে দ্বিতীয় বর্ষের ছাত্রলীগ কর্মীরা। বিদায়ী ছাত্র মো. রবিউল ইসলামের পরিচিত এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করায় দ্বিতীয় বর্ষের ছাত্রলীগ কর্মী সোহানুর রহমানের কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল তাকে থাপ্পড় দিলে রবিউলকে বেধড়ক মারধর করে ছাত্রলীগ কর্মীরা। গত বুধবার ইতিহাস বিভাগে দ্বিতীয় বর্ষের ক্লাস চলাকালে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করে ওই ছাত্রীর সহপাঠী ছাত্রলীগ কর্মী সোহানুর রহমান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমীন বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়নি। সিনিয়রকে মারধর করার বিষয়টি সত্য হলে তা হবে অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে খোঁজ নিয়ে হল প্রশাসনকে বিষয়টি অবহিত করা হবে ব্যবস্থা নেয়ার জন্য।
