গোদাগাড়ীতে দুই জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৪২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া থেকে জেএমবির সক্রিয় সদস্য মো. কামাল হোসেন ও মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি জিহাদী বই, একটি হ্যান্ডনোট, দুইটি লিফলেট, একটি জাতীয় পরিচয়পত্র, দুইটি মোবাইল সেট, তিনটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপজেলার সাতকুন্ডি গ্রামের এরশাদ মোড়লের কামাল হোসেন ও মানিক দিয়ার চরগ্রামের আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম জেএমবির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ ও দলকে আরো শক্তিশালী করার কাজে তত্পর ছিল। গ্রেফতারকৃতদের আলামতসহ গোদাগাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।