বাউফলে চেয়ারম্যান মেম্বারের দ্বন্দ্ব চরমে

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৪
পটুয়াখালীর বাউফলের ধূলিয়া ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দলীয় কোন্দলের কারণে ঐ ইউনিয়নের সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জব্বার বিএনপি সমর্থক এবং অধিকাংশ সদস্য আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় এ দ্বন্দ্ব। কোন্দলের কারণে সদস্যরা দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান না। ইউপি সচিব নুরুজ্জামান জানান, কোন্দলের কারণে ২০১২-২০১৩ অর্থবছরে ওই ইউনিয়নে বরাদ্দকৃত টিআর-কাবিখার গম-চাল ও অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কোন কাজই হচ্ছে না। ইউপি সদস্য মনির হোসেন অভিযোগ করে বলেন, চেয়ারম্যান জব্বার বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দের ৫০ লাখ টাকা আত্মসাত্ করেছেন। এ কারণে চেয়ারম্যানের উপর সকল সদস্য ক্ষুব্ধ। চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করে বলেন, সচিব দ্বারা একাধিকবার সভা ডাকা হলেও কোরাম সংকটের কারণে সভা করতে না পারায় কোন সিদ্ধান্ত নেয়া যায়নি। বাউফল উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে বিরাজমান কোন্দল নিরসনকল্পে একাধিকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি।