ছাত্রলীগ রংপুর মেডিক্যালের সভাপতির উপর হামলা

আজ হাসপাতালে এবং কাল লাগাতার ধর্মঘটে যাচ্ছে ছাত্রলীগ ও ইন্টার্নিরা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৬
ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজের উপর হামলাকারীদের গ্রেফতার ও ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে আজ শুক্রবার হাসপাতালে এবং আগামীকাল শনিবার থেকে কলেজে লাগাতার ধর্মঘটে যাচ্ছে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন ও ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখা। বুধবার ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন প্রধান। লিখিত বক্তব্যে বলা হয়, গত সোমবার রাতে ডাঃ আশফাকুল হক খন্দকার পুলক, রাহাত আল রাজীব, ইমরান হোসেন, শাফি, মেজবাহুর রহমান মেজবা ও অজ্ঞাতনামা ৩/৪ জনসহ ডা. পিন্নু হোস্টেলের ৪৬নং কক্ষে অবস্থানরত ছাত্রলীগ মেডিক্যাল কলেজ শাখার সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজকে হত্যার উদ্দেশ্যে চাপাতি ও কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উল্লেখিত ছাত্রনামধারীরা ইতিপূর্বে কলেজে অরাজকতার জন্য হোস্টেলে আজীবন নিষিদ্ধ এবং কলেজ থেকে ২ বছরের জন্য বহিষ্কার হন। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি তুলে ধরা হয়। ৩ দফার মধ্যে রয়েছে: ডা. পুলকের ইন্টার্নশীপ বাতিল ও তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার, রাহাত আল রাজীব, রাইসুুল ইসলাম নবীনসহ সকল আসামিকে কলেজ থেকে বহিষ্কার এবং ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ইত্যাদি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. সোহেল রানা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদ শাহ সুজন প্রমুখ। এদিকে জাসদ সমর্থিত ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক মেজবাহুর রহমান মেজবার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর মহানগর জাসদ ছাত্রলীগ নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন কেন্দ ীয় সদস্য তানবীরুজ্জামান তানবীর, শাহ রাকিবুল ইসলাম শ্যামল, জেলা সভাপতি শফিকুল ইসলাম রাহেল প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, গত সোমবার রাতে মুখোশধারী কিছু বহিরাগত সন্ত্রাসী দ্বারা রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি গুরুতর আহত হয়। ওই ঘটনার জের ধরে রংপুর মেডিক্যাল কলেজের পিন্নু ছাত্রাবাসের ৩৬ নং কক্ষে অধ্যয়নরত অবস্থায় জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেজবাহুর রহমান মেজবাহকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী সুমন, মুরাদ, সোহেল, অভিজিত্, রিফাতসহ আরও অনেকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ২ হাতে মারাত্মক জখম করে। অপরদিকে মঙ্গলবার আহত ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে হাসপাতালের ইন্টার্নি চিকিত্সক আশফাকুল হক খন্দকার পুলক, রাহাত আল রাজিব, রাইসুল ইসলাম নবীন, সঞ্জিব কুমার সিং, সোহাগ হোসেন, মেজবাউর রহমান, ইমরান হোসেন, শাফিসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে। এদিকে মিরাজের উপর হামলার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কোতয়ালী থানার ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, যাদের নামে মামলা করা হয়েছে তারা ডাক্তার ও মেডিক্যাল কলেজের ছাত্র। আসামিদের গ্রেফতার অভিযান চলছে।