মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের মনিরুজ্জামান আকরাম শিকদার (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ী অজ্ঞাত দুর্বৃৃত্তের ছোঁড়া এসিডে দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে শ্রীপুর-কেষ্টপুর সড়কের ঘাসিয়াড়া গ্রাম থেকে তার উপর এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এসিডদগ্ধ আকরামকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নাকোল গ্রামের গৃহবধূ নার্গিস বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে মোবাইল থেকে তার উপর এসিড নিক্ষেপ ও তার স্বামী পারভেজ আলমকে অব্যাহতভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় তিনি বুধবার শ্রীপুর থানায় একটি জিডি করেন। এরপর সন্ধ্যায় তিনি টেম্পোযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘাসিয়াড়া গ্রামে পৌঁছলে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দু’যুবক টেম্পোটির গতিরোধ করে গৃহবধূ নার্গিস বেগমকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। কিন্তু নিক্ষিপ্ত এসিড লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের সিটে বসা মনিরুজ্জামান আকরামের হাত,পা, মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন অংশে লেগে মারাত্মক আহত হন তিনি।
