নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টে মহাত্মা গান্ধীর ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। গান্ধীর মুরোলে পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত আশ্রমের সচিব ঝর্না ধারা চৌধুরী ও সোনাইমুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম। ঝর্ণা ধারা চৌধুরীর সভাপতিত্বে ‘গান্ধীজীর আদর্শ ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মহাত্মা গান্ধীর সাতটি অমর বানী নীতিহীন রাজনীতি, চরিত্রহীন শিক্ষা, নৈতিকতাহীন বাণিজ্য, শ্রমহীন সম্পদ, মানবতাহীন বিজ্ঞান, বিবেকহীন আনন্দ ও ত্যাগহীন অর্চনার বিষয়ে বিষদ বিশ্লেষণ করা হয়। এতে ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, এনআরডিএস’র নির্বাহী প্রধান আবদুল আউয়াল, অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও বেগমগঞ্জের দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আবদুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।
