শেষ পর্যন্ত ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হতে যাচ্ছে ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামের পরবর্তী গন্তব্য। কাতারের শেখদের মালিকানাধীন ক্লাবটিতে যোগ দিতে তিনি গতকাল বৃহস্পতিবারই পশ্চিম লন্ডনের বাড়ি থেকে প্যারিসের উদ্দেশ্যে রওয়ানা হন।
ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস) এর ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে গত নভেম্বরে মৌসুম শেষ করেন। এরপর থেকে ক্রমাগত জল্পনা কল্পনার জন্ম দিলেও সর্বশেষ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের সাথে অনুশীলন করছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। বেকহ্যাম পিএসজিতে যোগ দিলে চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সুযোগ পাবেন। কেননা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় ফরাসি ক্লাবটির খেলা পড়েছে স্পেনের ভ্যালেন্সিয়ার সাথে।
এদিকে পিএসজি ম্যানেজার কার্লো অ্যানচেলেত্তি গত বৃহস্পতিবার ম্যাচ পূর্ব নিয়মিত সংবাদ সম্মেলন বাতিল করে দেন। এর পরিবর্তে গত রাতে পিএসজি ভিন্ন ধরনের এক সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দেয়। এতে উপস্থিত থাকার কথা ছিল ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর ব্রাজিলীয় লিওনার্দোর।
