আরো উঁচুতে সিলেট রয়্যালস

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৭
নাজমুল হোসেন মিলনের লড়াকু ইনিংসে আবার জয়ে ফিরলো সিলেট রয়্যালস। টানা পাঁচ ম্যাচ জয়ের পর ঢাকা গ্ল্যাডিয়েটসের কাছে সর্বশেষটিতে হারতে হয়েছিল মুশফিকুর রহিমের দলটিকে। তবে, জয়ে ফিরতে খুব বেশি সময় অপেক্ষা করতে হল না তাদের। চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে মৌসুমের ষষ্ঠ জয়টিই তুলে নেয় মুশফিক বাহিনী। সিলেট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতবার জিতেছিল কেবল দুটি ম্যাচে। তবে, এবারের ব্যাপারটা ভিন্ন; নতুন অধিনায়ক ও দল নিয়ে এবারের আসরে মাঠের খেলায় সবচেয়ে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়ে পয়েন্ট তালিকায় অন্যদের সাথে ভাল ব্যবধান গড়ে নিল তারা। মুশফিক কাল দিনের প্রথম ম্যাচটি শুরু করেন টস জয় দিয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমে আবারও জ্বলে উঠেন রংপুরের ওপেনার শামসুর রহমান (৫২)। এবারের বিপিএলে এটি তার তৃতীয় হাফ সেঞ্চুরি। ওপেনিং জুটিতে ৩৮ রান ওঠার পর ষষ্ঠ ওভারে ডোয়াইন স্মিথের বলে উইকেটের পিছনে মুশফিককে ক্যাচ দিয়ে ফিরে যান ক্যারিবীয় ব্যাটসম্যান ড্যাঞ্জা হ্যায়াত (১৭)। এরপর ক্যামেরন বোরগাসের সাথে জুটি গড়ে ৬৩ রান তোলেন শামসুর রহমান। ২৮ রানে বোরগাস আউট হয়ে যাওয়ার পর ২১ রানের ব্যবধানে নয় উইকেট হারায় রংপুর। নির্ধারিত পালার তিন বল বাকি থাকতে ১২২ রানে অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স। তিনটি করে উইকেট নেন স্পিনার সোহাগ গাজী ও মিডিয়াম পেসার ডোয়াইন স্মিথ। দুটি উইকেট নেন বাহাতি পেসার ডার্ক ন্যানেস। ডোয়াইন স্মিথ বোলিংয়ের পর ব্যাটিংয়েও নিজের সুনাম রাখেন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২২ বলে ৩১ রান তুলে। তবে, ষষ্ঠ ও সপ্তম পর পর দুই ওভারে স্মিথ ও মমিনুল হক আউট হয়ে গেলে কিছু সময়ের জন্য খেলায় ফিরে আসে রংপুর। দলীয় ৪৯ রানে ফিরে যান শিবনারাইন চন্দ্রপল (১১)। এরপর ৬২ রানে মোহাম্মদ নবী ও ৯৯ রানে অধিনায়ক মুশফিক আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত জয়ের চেষ্টা চালিয়ে সফল হন মিডল অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন মিলন। তার এক ছক্কা ও পাঁচ চারের মারে ২৯ বলে তোলা ৪৫ রানের ইনিংসে তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট রয়েলস। সঙ্গত কারণেই তিনি পান ম্যাচ সেরার পুরস্কার। রংপুরের হয়ে দুটি উইকেট নেন নাসির হোসেন। সংক্ষিপ্ত স্কোর: টস: সিলেট রয়েলস রংপুর রাইডার্স: ১৯.৩ ওভারে ১২২/১০ (শামসুর রহমান ৫২, ক্যামেরন বোরগাস ২৮; সোহাগ গাজী ৩/২০, ডোয়াইন স্মিথ ৩/২৩, ডার্ক ন্যানেস ২/১৮) সিলেট রয়্যালস: ১৯.৩ ওভারে ১২৬/৫ (নাজমুল হোসেন মিলন ৪৫*, ডোয়াইন স্মিথ ৩১; নাসির হোসেন ২/১৯) ফল: সিলেট রয়েলস ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: নাজমুল হোসেন মিলন