আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের বিরুদ্ধে কর্মসূচি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিরুদ্ধে কর্মসূচি দেয়ার কোন যৌক্তিকতা নেই। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল ও অগণতান্ত্রিক। সংবিধান সম্মত ট্রাইব্যুনালের বিরুদ্ধে কাউকে কোন কর্মসূচি পালন করতে দেয়া হবে না। কামরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী কর্মসূচি পালনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
যশোরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহতের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, তাদের আর বাড়াবাড়ি করতে দেয়া যায় না। সরকার এদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর হাতে দমন করবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম ও সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সহ-সম্পাদক লিয়াকত শিকদার, মোমিন পাটোয়ারী, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রমুখ।
