বিমানের এমডি সিইও পদে দুই বিদেশির নাম চূড়ান্ত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:২১
দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে বাংলাদেশ বিমানের শীর্ষপদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। প্রায় এক বছর ধরে এ পদটি খালি থাকার পর চলতি ফ্রেব্রুয়ারি মাসের মধ্যে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদটি পূরণ হতে যাচ্ছে। গত বছর মার্চ মাসে তত্কালীন প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমোডর জাকিউল ইসলাম পদত্যাগ করেন। এরপর বিমান কর্তৃপক্ষ বোর্ডের পরিচালক (স্টোর) মোসাদ্দিক আহমেদকে এ পদে চলতি দায়িত্ব দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একজন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিয়োগ দেয়ার জন্য গত ছয় মাসে দুইবার আন্তর্জাতিক বিজ্ঞাপন দেয়া হয়েছে। এর বিপরীতে মোট ৪৩টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে দেশি-বিদেশি কয়েকজনকে সাক্ষাত্কারের জন্য নির্বাচন করা হয়। শেষ পর্যন্ত দুইজন ব্রিটিশ নাগরিকের একটি তালিকা করে বিমান কর্তৃপক্ষ। যারা এ পদের জন্য আবেদন করেছেন তাদের সাথে বিমান কর্তৃপক্ষ ভিডিও কনফারেন্স কথা বলেছে। সবার যোগ্যতা যাচাইয়ের পর ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিল এবং আইরিশ নাগরিক কনর জন ভিনসেন্টকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এরা দুইজন নাইজেরিয়ার এয়ারলাইন্স ‘এরিক এয়ারে’ চাকরি করেছেন। জানা গেছে, কেভিন জন স্টিল এর আগে বাংলাদেশে ব্রিটিশ এয়ারওয়েজের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি এরিক এয়ারে চাকরি করেন। গত সপ্তাহে বিমানের এমডি নিয়োগের জন্য গঠিত বোর্ড কেভিন জন স্টিলের সাক্ষাত্কার নিয়েছে। তিনি প্রতিমাসে ২৩ লাখ টাকা বেতন-ভাতা দাবি করেছেন। বিমানের সর্বশেষ ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর জাকিউল ইসলাম সাড়ে তিন লাখ টাকা বেতন-ভাতা পেতেন। কেভিনকে সংস্থার পক্ষ থেকে একটি বেতন অফার করা হবে। নির্বাচিত অপরজন কনর জন ভিনসেন্টের সাক্ষাত্কার নেয়ার জন্য তাকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য ইতিমধ্যে চার সদস্যের কমিটি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব কমিটির প্রধান। একজন দক্ষ ব্যবস্থাপনা পরিচালক না থাকায় নানা ধরনের সমস্যা নিয়ে চলছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।