আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামায়াত-শিবিরের দেশব্যাপী ইস্যুবিহীন হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধীদের বিচার কাজ সম্পন্ন করে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়া সম্ভব।
গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর মডেল স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ এবং আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণের পৃথক দু’টি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মডেল কলেজের অনুষ্ঠানে অধ্যক্ষ মেজর শেখ মোহাম্মদ মহিউদ্দিন এবং আগারগাঁও মহিলা কলেজের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজান ও অধ্যক্ষ মুজিবুর রহমান হাওলাদার বক্তৃতা করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, মোহাম্মদপুর মডেল কলেজ থেকে অসংখ্য কৃতী শিক্ষার্থী দেশে-বিদেশে ক্রীড়া, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সমাজ সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়তার আশ্বাস দেন। নানক আগারগাঁও তালতলা মহিলা কলেজে বলেন, বিগত সরকারের সময় এ এলাকা ছিল সন্ত্রাস, মাদক ও অনুন্নত জনপদ। বর্তমান সরকার এ এলাকার শিক্ষা, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নে রেকর্ড পরিমাণ প্রকল্প বাস্তবায়ন করে এক উন্নত ও শান্তির মডেল এলাকায় পরিণত করতে সক্ষম হয়েছে। তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ী, সত্ ও দেশপ্রেমিক সুনাগরিক হিসাবে গড়ে উঠতে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন। প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান দু’টির বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
