গোলাপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:২২
সিলেটের ছাত্রদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে গতকাল একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। বিকাল সাড়ে তিনটার দিকে গোলাপগঞ্জ উপজেলার চৌমোহনীতে ছাত্রদলের দুই গ্রুপের সেখানে সভা আহ্বানকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা ও সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামালের নেতৃত্বাধীন গ্রুপের বলে স্থানীয় সূত্র জানায়। জসিমের মৃত্যু সংবাদ গতকাল বিকালে সিলেট জেলা পুলিশ সুপার ইত্তেফাককে নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে একজন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপারের নেতৃত্বে টহল জোরদার করা হয়েছে। বিএনপি মহাসচিবের মুক্তি ও এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে উপজেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় গোলাপগঞ্জ চৌমোহনীতে এক জনসভার আয়োজন করা হয়। তখন আকস্মিকভাবে একটি অটোরিক্সায় মাইক নিয়ে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে একই স্থানে সমাবেশের প্রচারণা শুরু করে আরেক দল ছাত্রদল কর্মী। মাইকিংকালে জসিমসহ কয়েকজন কর্মী তা বন্ধ করতে বললে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষ গ্রুপ লোহার রড দিয়ে জসিমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহযোগীরা তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জসিমকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহতরা হচ্ছে ছাত্রদল কর্মী কবীর হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন, সুমন আহমদ, সাহেদ আহমদ, হাসান আহমদ, সালাহ উদ্দিন ও রিপন। এর মধ্যে দেলোয়ারের অবস্থা গুরুতর ।