সাক্ষীকে জেরা করলেন সালাহউদ্দিন কাদের

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:২২
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীকে নিজেই জেরা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দেয়া রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষীকে তিনি জেরা করেন। এ সময় তারপক্ষে সরকারের খরচে ট্রাইব্যুনালের নিযুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী সালমা হাই টুনি তাকে সহযোগিতা করেন। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিন রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে। আর ১৭তম সাক্ষীকে ১০ ফেব্রুয়ারি আবারো জেরার দিন ধার্য করে ট্রাইব্যুনাল। গত বুধবার সংসদ অধিবেশনে যোগদানের সুযোগ না দেয়ায় ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় আইনজীবীদের প্রত্যাহার করে নেন সালাউদ্দিন কাদের। এদিনই ট্রাইব্যুনাল তার পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিযুক্ত করা হবে বলে জানায়। গতকাল দুপুরে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই সালমা হাই টুনিকে সালাউদ্দিন কাদেরের আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল-১। সাক্ষীকে জেরার শুরুতে সালাউদ্দিন কাদের বলেন, ট্রাইব্যুনালের এ নিয়োগ আমি মেনে নিলাম। তবে আন্তর্জাতিক অপরাধ আইনের ১৯৭৩-এর ১৭(২) ধারা অনুযায়ী আসামি নিজেই মামলা পরিচালনা করতে পারবেন বলে বিধান রয়েছে। তাই আমি রাষ্ট্র নিযুক্ত আইনজীবীকে সঙ্গে রেখে নিজেই নিজের মামলা পরিচালনা করবো। পরে রাষ্ট্রপক্ষের চারজন কৌঁসুলির উপস্থিতিতে ক্যামেরা ট্রায়ালে সাক্ষীকে জেরা করা হয়। এদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের পক্ষে প্রথম সাফাই সাক্ষী তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্তকৃত) আব্দুল্লাহহিল আমান আজমীর অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের দিন আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল আজমীর ১০ম দিনের মতো সাফাই সাক্ষ্য দেয়ার কথা ছিলো।