পদ্মাসেতুর নকশা জালিয়াতির অভিযোগে গঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দলের কাছে মনসেল এইকমের সমস্ত নথি জমা দিয়েছে সেতু কর্তৃপক্ষ। দুদকের নোটিসে গত বুধবার সেতু নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এইকম-এর সমস্ত নথি দুদকে জমা দেয়ার কথা থাকলেও একদিন পর কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার জমা দিয়েছে। সেতু কর্তৃপক্ষের তিন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় দুদক কার্যালয়ে এ নথিপত্র জমা দেন। সরকার ২০০৯ সালের জানুয়ারিতে পদ্মাসেতুর নকশা প্রণয়নে মনসেল এইকমকে সোয়াশত কোটি টাকায় নিয়োগ করে। চুক্তি অনুযায়ী ২২ মাসের মধ্যে সেতু ও সেতু সংক্রান্ত বিষয়াদির চূড়ান্ত নকশা প্রণয়নের কথা ছিল। কিন্তু সরকার প্রকল্পটির অগ্রাধিকার হিসেবে ১৬ মাসের মধ্যে নকশা তৈরি করার নির্দেশ দেয়। নকশা চূড়ান্ত করার আগেই ২০১০ সালের জুলাইয়ে চুক্তির সোয়াশত কোটি টাকা তুলে নেয় প্রতিষ্ঠানটি। এ অভিযোগের ভিত্তিতে গত ৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলমকে প্রধান করে এ সংক্রান্ত অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
