পল্টনে পুলিশকে লক্ষ্য করে শিবিরের গুলি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:২৫
রাজধানীর পল্টনে জামায়াত-শিবির কর্মীরা এবার পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। তবে তাদের ছোঁড়া গুলিতে পুলিশের কোন সদস্য আহত হননি। আত্মরক্ষার্থে ও শিবির ক্যাডারদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার বগুড়ায় জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত হওয়ার খবরে সন্ধ্যার পরপরই পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে শিবির কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে নাইটেঙ্গল মোড়ের দিকে আসতে শুরু করে। এ সময় তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ২/৩ রাউণ্ড গুলি ছোঁড়ে ও অন্তত ৫টি ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। প্রায় আধাঘণ্টা ধরে শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিবির কর্মীরা পুলিশের তোপের মুখে পালিয়ে যায়। পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১০/১২ জন আহত হয়েছে। দুই শিবির কর্মী রাবার বুলেট বিদ্ধ হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় শিবিরের সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত। পুলিশের রমনা জোনের ডিসি সৈয়দ নূরুল ইসলাম বলেন, “জামায়াত-শিবির কর্মীরা অতর্কিত মিছিল বের করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। জামায়াত-শিবিরও পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়ে।