সম্মেলন ঘিরে পটুয়াখালী শহর আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:৩১
সম্মেলনকে ঘিরে পটুয়াখালী শহর আওয়ামী লীগ এখন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। গত দু’দিনে সভাপতি মোঃ শাহজালাল খান ও সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর পৃথক সাংবাদিক সম্মেলন করে শহরের ৯টি ওয়ার্ডের পৃথকভাবে কমিটি ঘোষণা করেছেন। তারা উভয়েই তাদের দেয়া কমিটি বৈধ বলে দাবি করেছেন। এতে আগামী ৪ ফেব্রুয়ারির শহর আওয়ামী লীগের সম্মেলন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় বিভ্রান্ত হয়ে পড়েছেন সাধারণ কর্মীরা। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান শবীর গত বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে বলেন, দলের কার্যক্রমে গতিশীলতা ও সাংগঠনিক ভিতকে নতুন-পুরানোর সমন্বয় ঘটিয়ে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে এবং ২৮ জানুয়ারি শহর আওয়ামী লীগের সভায় সর্বসম্মতভাবে তা অনুমোদন দেয়া হয়েছে। তবে ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের কমিটির মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় তা বহাল রাখা হয়েছে। সম্মেলনে পৌর মেয়র ডা. মোঃ শফিকুল ইসলাম , জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মন্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তরুণ কুন্ড প্রমুখ উপস্থিত ছিলেন । এদিকে পরদিন গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল খান সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে তিনি বলেন, শহর আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে গত ৬ মাস ধরে পর্যায়ক্রমে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এ সম্মেলনে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী রব, এডভোকেট মোঃ তারিকুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মৃধা প্রমুখ নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি আরো বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্নু করার হীন প্রচেষ্টায় অপকৌশল অবলম্বনে শহর আওয়ামী লীগের সম্মেলন বানচাল করার চেষ্টা চালানো হচ্ছে।