সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:৩২
নারায়ণগঞ্জ, পরশুরামসহ সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় গত দু’দিনে ৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। আমাদের সংবাদদাতারা এ খবর জানিয়েছেন। নারায়ণগঞ্জ : সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। বুধবার রাতে নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কের সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। সিদ্ধিরগঞ্জ থানার এস আই জানান, দুর্ঘটনায় বেবীতে থাকা যাত্রী জালাল মিয়া (৩০) ও সালমা আক্তার (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় বেবীট্যাক্সি চালক (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত জালালের বাড়ি সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড ও সালমার বাড়ি ঢাকেশ্বরী এলাকাতে। দুর্ঘটনার পর কভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ কভার্ডভ্যানটি আটক করেছে। পরশুরাম : ফেনীতে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে শহরের আদালতপাড়া এলাকায় পিকেটারদের ভয়ে সিএনজি অটোরিক্সা দ্রুত চালিয়ে পালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় ইমাম হোসেন নামে এক ড্রাইভার নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইমাম হোসেন তার অটোরিক্সায় ৪ জন স্কুলশিক্ষক নিয়ে ফেনী শহর থেকে ট্রাংক রোড হয়ে শর্শদি যাচ্ছিল। এসময় ফেনী-কুমিল্লা সড়কের আদালতপাড়ার কাছাকাছি স্থানে পিকেটারদের ভয়ে জোরে চালিয়ে পালানোর সময় দুর্ঘটনার শিকার হন। আহত চালককে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তির পর মারা যায়। আহত যাত্রীদেরকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। তিতাস : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পার সড়ক মোটর সাইকেল দুর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩জন আহত হয়েছে। হাইওয়ে পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩ জন ঢাকা থেকে কুমিল্লার তিতাসে আসার পথে একটি প্রাইভেটকার তাদের মোটর সাইকেলকে চাপা দিলে গাড়িটি উল্টে যায়। এতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বাবু, জেলা ছাত্রলীগের সদস্য নাঈম ও সুমন মারাত্মকভাবে আহত হয়। হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।