দুদকের জিজ্ঞাসাবাদ দুই সদস্য

দরপত্র মূল্যায়নে অজ্ঞাত কারণে দ্বিতীয় কমিটি হয়

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
পদ্মা সেতু প্রকল্পের দরপত্র মূল্যায়নের জন্য গঠিত কমিটির কাজ চলাকালীন হঠাত্ করেই দ্বিতীয় কমিটি গঠন করা হয়। তবে কি কারণে এবং কোন ব্যর্থতার জন্য প্রথম কমিটি স্থগিত করা হয় সে ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি প্রথম কমিটির সদস্যদের। গতকাল বৃহস্পতিবার প্রথম মূল্যায়ন কমিটির সাবেক সদস্য অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ এবং পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেন দুদকে এ তথ্য জানান। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা হাজির হন। দুদকের সিনিয়র উপ-পরিচালক আব্দুল্লাহ-আল জাহিদের নেতৃত্বে সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, গোলাম শাহরিয়ার চৌধুরী এবং মির্জা জাহিদুল আলম তাদরে দু’জনকে দুপুর তিনটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জানিয়েছে, পদ্মা সেতু দুর্নীতি মামলার সাক্ষী হিসেবে গতকাল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও পদ্মা সেতু প্রকল্পের তত্কালীন প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম এবং সড়ক ও জনপথের (সওজ) সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ানকে ৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। অপরদিকে পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের দিনক্ষণ নির্ধারণ করে তাদের কাছে নোটিস পাঠানো হতে পারে।