গাজীপুরে বাল্যবিবাহ প্রতিরোধ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৪
গাজীপুর সদর উপজেলার জে-২৩, পশ্চিম জয়দেরপুরস্থ মরহুম আ. খালেকর মেয়ে (আনুমানিক বয়স ১৩ বছর) সফুরাকে লক্ষ্মীপুরা রোডের বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে মো সিরাজুল ইসলামের (২৭) সাথে বিয়ে দেয়ার প্রস্তুতি নিলে সনাক-টিআইবি এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ পদক্ষেপে উক্ত বিয়ে পণ্ড হয়ে যায় এবং মেয়ের অভিভাবক সফুরার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন। উল্লেখ্য, সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুরের সদস্য জিমি পারভীনের নিকট এই বাল্যবিবাহের ঘটনা জানিয়ে এলাকার জনৈক ব্যক্তি এর প্রতিকার চাইলে তিনি সাথে সাথে সনাকে কর্মরত টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপককে বিষয়টি অবহিত করেন এবং এ বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। টিআইবির পক্ষ থেকে বিষয়টি তাত্ক্ষণিকভাবে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়। পরবর্তীতে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শাহানা পারভীন এবং টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. রাশিদুজ্জামানের (লিটন) হস্তক্ষেপে এবং জয়দেরপুর থানা পুলিশের প্রত্যক্ষ সহায়তায় এলাকাবাসীর উপস্থিতিতে বিবাহ বন্ধ করে কনেপক্ষের নিকট থেকে এ অঙ্গীকারনামা আদায় করা হয়। গাজীপুর পৌরসভা কর্তৃক ৩/১২/২০১২ তারিখে ইস্যুকৃত সংশোধিত জন্ম সনদ অনুযায়ী কনের বর্তমান বয়স ১৬ বছর ৫ মাস যা তার প্রকৃত বয়সের চেয়ে অনেক বেশি বলে উপস্থিত সকলের কাছেই প্রতীয়মান হয়েছে। জয়দেবপুর থানার সহকারী পরিদর্শক এবং সম্পাদিত অঙ্গীকারনামার সাক্ষী মাহাবুবুর রহমান হামিদ এই বাল্যবিবাহ কোনক্রমে গোপনেও যাতে সম্পন্ন না হয় সে ব্যাপারে নিয়মিত তদারকি অব্যাহত রাখবেন বলে জানান।