স্থায়ীত্বশীল গ্রামীণ জীবনযাত্রার জন্য প্রচার অভিযান বরেন্দ্র প্রচারণা দলের উদ্যোগে গত ১৭ জানুয়ারি নগরীর পদ্মার পাড়ের বড়কুঠি চত্ব্বরে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষি শ্রমিক অধিকার আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী রাশেদ রিপনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাসিকের কাউন্সিলর বিলকিস বানু, সিপিবি নেতা আবুল কালাম আজাদ, সিএসআরএল স্টিয়ারিং কমিটির সদস্য আবু মোহাম্মদ মুসা। স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী।
বক্তারা বরন্দ্রে এলাকার কৃষি এবং জীবন জীবিকা রক্ষায় পুকুর ও খাড়ি সংস্কারের দাবি জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র এলাকার খরা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। অতিমাত্রায় ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর দ্রুত নীচে নেমে যাওয়ার কারণে এই এলাকার কৃষি চরম বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বরেন্দ্র এলাকার কৃষি ও জীবন জীবিকা রক্ষায় বাজেটে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছে দাবি আদায়ে আরো সোচ্চার হওয়া প্রয়োজন। বক্তারা জলবায়ু পরিবর্তন ফান্ড থেকে বরেন্দ্র এলাকার জন্য বিশেষ বরাদ্দ দেয়ারও দাবি জানান। তারা বরেন্দ্র বহুমুখী প্রকল্পের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। তাদের ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে প্রকল্প তৈরি এবং পুকুর ও খাড়ি সংস্কার করে বর্ষার পানি সংরক্ষণের পরামর্শ দেন।
