কুড়িগ্রামের রাজারহাটে ২ হাজার নারী-পুরুষকে আলোর পথ দেখিয়েছে মানব উন্নয়নের জন্য স্বাক্ষরতা উত্তম অব্যাহত শিক্ষা প্রকল্প (পিএলসিইএইচডি-২) এসব নারী-পুরুষ অব্যাহত শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করে। তারা আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেয়েছে। উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির নিবিড় তদারকির মাধ্যমে এ কর্মসূচির বাস্তবায়নের লীড সংস্থার হিসেবে কাজ করেছে রিসডা বাংলাদেশ। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ২০১০ সালের নভেম্বর মাস থেকে উপজেলার ৭টি ইউনিয়নের (পিএলসিইএইচডি-২) বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের উদ্দেশ্য হল জাতীয় কর্ম পরিকল্পনা-২ এবং দারিদ্র্য বিমোচন কৌশলপত্র অনুযায়ী ২০১৫ সালের মধ্যে নিরক্ষরতার হার শত করা ৫০ ভাগে হ্রাস করার লক্ষ্যে কমিউনিটি শিখন কেন্দ্রের একটি নেটওয়ার্ক স্থাপন করে। কার্যকর দক্ষতা প্রশিক্ষণ অব্যাহত শিক্ষা ও জীবনব্যাপী শিখন প্রক্রিয়া সুযোগ সৃষ্টির মাধ্যমে সবার জন্য শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন এবং দারিদ্র্য বিমোচন করা। অক্ষর জ্ঞানসম্পন্ন ও সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ঝরে পড়া শিক্ষার্থী জাদের বয়স ১১-৪৫ বছর পর্যন্ত নারী-পুরুষদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। বাস্তবায়িত প্রকল্পের আওতায় উপজেলা ৩৪টি শিখন কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন নারী ও ৩০ জন পুরুষ শিক্ষার্থী নিয়ে ২ শিফটে মোট ৬০ জন শিক্ষার্থী শিক্ষা অর্জন করছে। বর্তমানে ৭টি ইউনিয়নে ২ হাজার ৪০ জন শিক্ষার্থী ভালভাবে লিখতে পারে, পেপার পড়তে পারে, এমন কি চিঠিপত্র লেখতে পারে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং বারতি রোজগারের পথ সৃষ্টি হয়েছে। পড়াশুনার পাশাপাশি বিনোদনের জন্য কেন্দ্রগুলোতে বিভিন্ন ধরনের খেলার উপকরণ দেয়ার ফলে তারা খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে পড়াশুনার চর্চা করে থাকে এবং শিখন কেন্দ্রে নিয়মিত যাওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (পিএলসিইএইচডি-২) প্রকল্পের প্রজেক্ট অফিসার কামাল আহমদ বলেন, কেন্দ্রগুলোতে সরকারি-বেসরকারি রিসোর্চ পার্সন দিয়ে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ফলে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, এইডস প্রতিরোধ, আর্সেনিক দূষণ, তালাক, যৌতুক, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু পাচার, দুর্যোগ মোকাবিলা সম্পর্কে ধারণা লাভ করে ব্যক্তি জীবনে কাজে লাগাচ্ছে। এ ব্যাপারে রিসডা বাংলাদেশ রাজারহাট উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান মণ্ডল বলেন এসব শিক্ষার্থী জ্ঞান অর্জন করলে বিভিন্ন কাজে লাগাতে পারবে।
