যদি বলা হয় ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডটি কার তাহলে সবাই এক বাক্যেই উসাইন বোল্টের কথা বলবেন। কিন্তু যদি বলা হয়, সামনের দিকে না দৌড়ে পেছনের দিকে দ্রুততম সময়ে দৌড়ানোর রেকর্ডটি কার তাহলে অনেকেই হয়তো আমতা আমতা করতে শুরু করবেন। কেউ হয়তো পাল্টা প্রশ্নও ছুঁড়ে দেবেন যে এমন রেকর্ডও আবার হয় না কি! তবে মজার বিষয় হলো শুধু এই রেকর্ডই নয়, বরং উল্টা করে যেকোনো কিছু করার জন্য বিশ্বের অনেক দেশে ৩১ জানুয়ারিকে ব্যাকওয়ার্ডস ডে হিসেবেও উদযাপন করা হয়। সে যাই হোক, ১০০ মিটার উল্টা দৌড়ে সবচেয়ে দ্রুততম হবার রেকর্ডটি যার দখলে তিনি হলেন ঘানার ফার্ডি আতো আদোবোয়ে যিনি মাত্র ১৩.৬ সেকেন্ড সময় নিয়ে এই কীর্তিটি গড়েন।
