বেকহ্যাম এবার প্যারিসে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৯
শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্যারিসেই গেলেন ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এর ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে সাড়ে পাঁচ মৌসুম কাটানোর পর তিনি পাঁচ মাসের জন্য প্যারি সেন জার্মেইতে খেলার জন্য চুক্তি করলেন। ফরাসি ক্লাবটিতে খেলতে গিয়ে তিনি পারিশ্রমিক হিসেবে যা পাবেন তা দিয়ে দেবেন শিশুদের জন্য দাতব্য কাজে। বেকহ্যাম ফুটবলার হিসেবে এখন পড়তি ফর্মে হলেও বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে চড়ে ফরাসি রাজধানীতে পৌঁছার পর পরই এক সংবাদ সম্মেলনে পিএসজিতে যোগদানের কথা জানান। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনের অধিকারী আরো জানান যে লিগা ওয়ান নামে পরিচিত ফরাসি লিগে মৌসুমের অবশিষ্ট সময় খেলবেন তিনি এবং প্রাপ্ত অর্থ স্থানীয় এক শিশু দাতব্য প্রতিষ্ঠানকে দিয়ে দেবেন। মার্কিন মুল্লুকে গ্যালাক্সির হয়ে টানা দুটি শিরোপা জয়ের পর ৩৭ বছর বয়সী সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডিসেম্বরে খেলোয়াড় হিসেবে মুক্ত হয়ে যান। এরপর থেকে বেশ কয়েকটি ক্লাব তাকে নেয়ার জন্য আগ্রহ দেখাচ্ছিল। কমপক্ষে প্রতিটি মহাদেশের একটি করে ক্লাব। কাতারি মালিকানায় আসার পর পিএসজি গত মৌসুম থেকেই বড় বড় খেলোয়াড়দের দলে টানার চেষ্টা করছে। বিশেষ করে মাঠের পারফর্মেন্স যাই হোক তাদের চুক্তিগুলো বড় রকমের প্রচারণা পাচ্ছে। বেকহ্যামের চুক্তি সইয়ের ঘটনাতেও তাই হয়। বেকহ্যাম চুক্তি সই করে প্যারিসের প্রশংসায় বলেন, ‘এটা একটা দারুণ শহর, সবসময়েই তাই ছিল, সব সময়েই তাই থাকবে। এখন এই ক্লাবটি আগামী ১০, ১৫ নয়তো ২০ বছরে অনেক সাফল্য পেতে যাচ্ছে।’ মধ্যপ্রাচ্যের শেখদের অর্থায়নের কারণে ক্লাবটি জালাটান ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা ও লুকাস মউরার মতো খেলোয়াড়দের পাশাপাশি কার্লো অ্যানচেলোত্তির মতো কোচকে আনতে পেরেছে। যদিও লিগা ওয়ানকে ইউরোপের লিগগুলোর হিসেবে দ্বিতীয় কাতারের বলে ধরা হয়ে থাকে। তবে লিগের ভাবমূর্তি যাই হোক প্যারি সেন জার্মেই নিজেদের ব্যাপারে বাড়তি কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেকহ্যামকে আনাও সেজন্যই। সাবেক ইংল্যান্ড অধিনায়ক অবশ্য তার কাছ থেকে পরিপূর্ণ কিছু আশা না করতেই বলেছেন। এমনকি নিয়মিত একাদশে খেলতে যে সময় লাগবে সেটিও স্বীকার করেছেন সংবাদ সম্মেলনে। তবে পিএসজি এরই মধ্যে তাদের ওয়েব সাইটে বেকহ্যামের ছবি দিয়ে প্রচারণার সুযোগটা নিয়ে নিয়েছে। ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে ছয়টি শিরোপা জয়ী বেকহ্যাম সম্পর্কে তার পুরোনো সতীর্থ ফরাসি জাতীয় দলের গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেজ বক্তব্য দিয়েছেন। বার্থেজ মনে করেন বেকহ্যামের আগমন ফরাসি ফুটবলের জন্য ভাল হয়েছে। তার এ বক্তব্য অনেকখানিই সত্য। কেননা পড়তি বেলায়েও বেকহ্যাম এখনো বৈশ্বিক আকর্ষণের কেন্দ্রবিন্দু।