পশ্চিমবঙ্গে স্থায়ী কপ্টার ঘাঁটি বানাচ্ছে ভারত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৩
আগাম সতর্কতা হিসাবে ভারতের সেনা ঘাঁটিগুলোকে আরো শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সেনা ছাউনিকে এই প্রথম জঙ্গি-হেলিকপ্টারের স্থায়ী ঘাঁটি হিসাবে সাজিয়ে তোলা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকা। হামলার পাশাপাশি রাতের অন্ধকারে উদ্ধার কাজে দক্ষ রাশিয়া থেকে আনা এমআই -১৭ এবং ভি-৫ অস্থায়ী ঘাঁটি ইতিমধ্যেই বাগডোগরায় বানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক মুখপাত্র জানিয়েছে, এক দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে চীন। একই সঙ্গে ভারতকে চাপে রাখার কৌশল হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মায়ানমারের মতো দেশগুলোতে নৌ ও বিমান ঘাঁটি তৈরি করছে তারা। এ জন্য ভারতকেও কিছু বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। তারই অংশ ব্যারাকপুরের এই কপ্টারঘাঁটি। জানা গেছে, ব্যারাকপুরে মোট ১০টি হেলিকপ্টার রাখা হবে। সেনা অফিসারদের কথায়, নতুন এই হেলিকপ্টারগুলো থেকে যেমন ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে, তেমনই শহরের কোথাও আগুন লাগলে উদ্ধারের কাজেও সাহায্য মিলবে।