টমেটো চাষে স্বাবলম্বী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কৃষক মাজুল ইসলাম টমেটো চাষ করে এখন স্বাবলম্বী। নিজের জমিতে ধান চাষ করতেন তিনি। ধান চাষ লাভজনক না হওয়ায় মোহনপুর কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালমা আক্তারের পরামর্শে দুই বিঘা জমিতে টমেটো চাষ করেন তিনি। গত বছরের আগস্টে ৫ হাজার রাজা ও স্টার হাইব্রিড জাতের টমেটো চারা রোপণ করেন। এতে খরচ হয় ৭৩ হাজার টাকা। চারা রোপণের ৩ মাস পর নভেম্বর মাসেই ফলন তোলা শুরু হয়। এই পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার টমেটো বিক্রি করেছেন তিনি। আরো প্রায় দুই লাখ টাকার টমেটো বিক্রির আশা রয়েছে। টমেটোর পাশাপাশি ক্ষিরা ও বেগুন চাষাবাদের পরিকল্পনাও রয়েছে তার। মাজুল ইসলাম জানান, টমেটোর আয় থেকেই সংসার চালিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া করাচ্ছেন তিনি। তার টমেটো ফলন দেখে গ্রাম ও আশপাশের লোকজন টমেটো চাষে আগ্রহী হয়ে উঠছে। তার টমেটো আশপাশের বাজারের চাহিদা মিটিয়ে বাইরেও বিক্রি হচ্ছে। প্রতিদিন টমেটো কেনার জন্য তার জমিতে পাইকাররা ভিড় করছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক জানান, একজন কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষাবাদ করলে অবশ্যই সে স্বাবলম্বী হবে। মাজুল ইসলাম তারই এক উদাহরণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক বলাই চন্দ্র দাস জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২ হাজার হেক্টরে টমেটো চাষ করা হয়েছে। এ বছর টমেটো উত্পাদন হবে ৭২ কোটি টাকার ৪২ হাজার টন। টমেটো চাষ পুষ্টি চাহিদা পূরণে ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।