সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর হরতালে সমর্থন দিয়ে প্রমাণ করলেন তিনি যুদ্ধাপরাধীদের বিচার চান না। কাজেই এখন জাতির কাছে পরিষ্কার যে ’৭১-এর ঘাতক মানবতাবিরোধী রাজাকার আলবদরদের রক্ষা করার জন্য বিএনপি এ কাজ করেছে। তিনি বলেন, জামায়াত যতই হরতাল দিক আর বিএনপি যতই তাতে সমর্থন দিক যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই এবং আগামী নির্বাচনও অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। মো. নাসিম শুক্রবার পাবনার সুজানগরে এবং বেড়ায় পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জনসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, কৃষক লীগের সভাপতি ও প্রাইভেটাইজেশনের চেয়ারম্যান মির্জা আব্দুল জলিল, রাকসুর সাবেক জিএস জাহাঙ্গীর কবির রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
