‘এখন পূজা হবে কোথায়’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৮
অসময়ে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙ্গনে পাল্টে যাচ্ছে রাজীবপুরের চিত্র। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রহ্মপুত্র নদ গিলে খেয়েছে ফসলি জমিসহ ৩০ পরিবারের বসতভিটা। রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর ব্যাপারিপাড়া, উত্তরপাড়া ও নয়াচর বাজার পাড়া গ্রামের ৩ কিলোমিটার এলাকাজুড়ে চলছে ব্রহ্মপুত্রের তাণ্ডবলীলা। সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বিলীন হয়ে গেছে নয়াচর ব্যাপারি পাড়া গ্রামের ৩০ বাড়ি। ওই গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের একমাত্র মন্দির ব্রহ্মপুত্র গর্ভে হারিয়ে গেছে। নদীতে পানি কম থাকলেও ভাঙ্গনের তীব্রতা ভয়াবহ। গ্রামের দিনমজুর আব্দুর রফিক (৪৫) বলেন, ‘মরা নদী এবা কইরা ভাঙ্গে, আগে দেহি নাই। দেখতে দেখতে আমার বাড়িঘর নদী ভাইঙ্গা নিয়া গেছে।’ ওই গ্রামের বাসিন্দা ছিল মতিয়ার রহমান। তিনি বলেন, ‘এইবার দিয়া আমি ১০ বার নদী ভাঙ্গনের শিকার অইছি। এহন দুনিয়াত আমার জাওনের জায়গা নেই।’ দাবারু জানান, আমগর বাড়ি ভাঙ্গছে দুঃখ নাই। কিন্তুক মন্দিরটা হারিয়ে গেছে। এখন কোথায় পুজা দেব। মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু জানান, নদের ভাঙ্গনে ৭দিনে একশ’ একর ফসলি জমি শেষ হয়েছে।