কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকানে তালা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫০
আদালতের নির্দেশ অমান্য করে প্রেসক্লাবসহ ৩৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে তালা ঝুলিয়ে দেয়া হয় । কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রায় ১০ বছর পূর্বে জিকেএমকে পাইলট হাইস্কুল কর্তৃপক্ষ সাতক্ষীরা-ঢাকা মহাসড়কের পার্শ্বে ৩৩ রুমের একটি দ্বিতল মার্কেট তৈরি করে। মার্কেটের ওই দোকানগুলো ৩৩ ব্যক্তির নিকট নিচের তলার প্রতিটি খোপ ৪০ হাজার টাকা ও উপরের তলায় প্রেসক্লাবসহ প্রতিটি দোকান ১০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করে মাসিক ৫শ’ থেকে ৮শ’ টাকা চুক্তিতে ভাড়া দেয়। গত ডিসেম্বরে আকস্মিকভাবে হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু মাসিক ভাড়াসহ অগ্রিম নিচের দোকান ১ থেকে দেড়লাখ টাকা ও উপরের দোকানপ্রতি ৬০ হাজার টাকা অগ্রিম প্রদানের নোটিস প্রদান করেন। ব্যবসায়ীরা আদালতের শরণাপন্ন হলে গত ২৯ জানুয়ারি সাতক্ষীরা সহকারী জজ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষতিকর কোন পদক্ষেপ গ্রহণ না করার জন্য স্থগিতাদেশ জারি করেন। এ ঘটনায় কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নির্দেশে স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুর রব কর্মচারী পাঠিয়ে ওই ৩৩ টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মো: আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুলের নিজস্ব সম্পত্তিতে নির্মিত দোকানের ভাড়া ও অগ্রিম বৃদ্ধির বিষয়টি কমিটির সভা ডেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ অবস্থায় যারা বেশি ভাড়া দিতে অপারগ হবেন তারা দোকান ছেড়ে দেবেন এটাই স্বাভাবিক।